Rajnagar Dramatic Club
Rajnagar, Birbhum
রাজনগরের ড্রামাটিক ক্লাব
শিশিরভেজা শরতের আকাশে কাশফুল আর ধানখেতের সবুজের মাঝে ভেসে আসে আগমনী সুর। বাংলার শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো যেন প্রকৃতির সঙ্গে মিলে মিশে আসে। মা দুর্গা কন্যারূপে বাপের বাড়ি মর্ত্যে আসেন, আর সেই আগমনে বাঙালির ঘরে ঘরে আনন্দের ঢেউ ওঠে।
বীরভূমের রাজনগরের ড্রামাটিক ক্লাব প্রতিবছর উৎসবকে ঘিরে নতুন রূপে সাজে। এবছরের থিম "সহজপাঠ" । ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয়ের বর্ণপরিচয় থেকে শুরু করে ছড়া, ছবি, গল্প— বাংলার মাটির গন্ধ আর শৈশবের স্মৃতি মিলিয়ে গড়ে উঠবে আমাদের মণ্ডপ। এই থিম শুধু স্মৃতিচারণ, শিল্পকলা নয়, বরং বাংলাভাষার প্রতি এক গভীর শ্রদ্ধাঞ্জলির সাথে অস্তিত্ব রক্ষার প্রতিবাদও। বর্তমানে মাতৃভাষার ওপর নানা সংকটের সময়ে এই থিম বাংলার অস্তিত্ব ও গৌরবের প্রতীক হয়ে উঠবে।
সাধারণ মানুষের সহযোগিতায় আমাদের ক্লাব সমাজসেবার কাজে যুক্ত। রক্তদান শিবির থেকে শীতবস্ত্র বিতরণ, ২০২১ সাল থেকে প্রতিবছর প্রায় ৩০০ দুস্থ শিশুর হাতে নতুন জামা পৌঁছে দেওয়া— সবই সম্ভব হয়েছে সবার ভালোবাসায়। সাধারণ মানুষের সহযোগিতা ছাড়া এসব সম্ভব হতো না।পুজোর চারদিন শুধু ভক্তি নয়, আনন্দ, গান, নাটক আর সংস্কৃতির রঙে রঙিন হয় আমাদের প্রাঙ্গণ। বাঁশ-খড়ের ছোট্ট কুঁড়েঘর থেকে শুরু করা এই ক্লাব আজ আশা আর একতার প্রতীক।
আমরা গর্বিত— আমরা বাঙালি, আমাদের ভাষা বাংলা, আর আমাদের উৎসব দুর্গাপুজো।
দুর্গাপুজো আমাদের কাছে কেবল দেবীর আরাধনা নয়, একতার, মানবিকতার এবং বাঙালির উৎসব।