Chadra Colony Sarbojonin Durgotsab
Balagar, Hooghly
হুগলি জেলার বলাগড় ব্লকের শ্রীপুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত চাঁদরা কলোনী গ্রামের দুর্গাপুজো এবছর পা দিল ৭৪তম বর্ষে। একসময় এই পুজোয় ছিল বিপুল ধুমধাম, আজও সেই স্মৃতির রেশ বহন করে চলেছে গ্রামবাসী। তবে নদীভাঙনের কারণে বহু পরিবারকে গ্রাম ছেড়ে অন্যত্র সরে যেতে হয়েছে। ফলে গ্রামটি যেমন ছোট হয়ে আসছে, তবুও পুজোর আনন্দে কোনো খামতি নেই।
এই চারদিন গ্রামের আবহ একেবারে উৎসবমুখর হয়ে ওঠে। উল্লেখযোগ্য যে, এখানে হিন্দুদের পাশাপাশি কিছু মুসলিম পরিবারও বসবাস করেন, এবং সকলে মিলেমিশে সমান আনন্দে পুজোয় অংশগ্রহণ করেন। অষ্টমীর দিন পূজার পর দুপুরে গ্রামবাসী ও আগত ভক্তদের জন্য ভোগের আয়োজন করা হয়।
দশমীর দিন রাতে শোভাযাত্রার মাধ্যমে দেবীকে গঙ্গার ঘাটে নিয়ে যাওয়া হয় বিসর্জনের উদ্দেশ্যে। এই দিনে গঙ্গার ধারে মেলা বসে, যেখানে আশেপাশের প্রায় বিশটিরও বেশি প্রতিমা একত্রিত হয়। বিসর্জনের পর গ্রামে ফিরে মিষ্টিমুখের মধ্য দিয়েই শেষ হয় এই মিলনমেলা।
রাজনৈতিক কারণে সরকারী অনুদান থেকে বঞ্চিত হলেও, এই পুজো এখনও গ্রামবাসীর ঐক্য, আনন্দ ও সাংস্কৃতিক ঐতিহ্যের প্রতীক হয়ে আছে।