Chapra Sarder Para Puja Committee
Chapra, Nadia
চাপড়া সর্দারপাড়ার বারোয়ারি দুর্গোৎসব
প্রাচীন ঐতিহ্যবাহী চাপড়া সর্দারপাড়া ইতিহাস ও সংস্কৃতির এক উজ্জ্বল দৃষ্টান্ত। ১৯৪৭ খ্রিষ্টাব্দেরও বহু আগে, ভারী মালবাহী শ্রমিক যোগানের প্রয়োজনে বিহার ও ভাগলপুর অঞ্চল থেকে সর্দারপাড়ার পূর্বপুরুষেরা এই অঞ্চলে বসতি স্থাপন করেন। তাদের উপাস্য ছিলেন বনদেবী, শীতলা ও মা মনষা। চণ্ডীমঙ্গল, মনষামঙ্গল ও পদ্মপুরাণ ছিল তাঁদের আচার-বিধির মূল ভিত্তি।
কালের বিবর্তনে ধীরে ধীরে চাপড়া সর্দারপাড়ার সর্দার পরিবারগুলির অনেকে অন্যত্র চলে যান। ফলে এখানে মিশ্র জাতির বসতি গড়ে ওঠে। এই পরিবর্তিত পরিস্থিতির প্রেক্ষাপটে প্রায় ত্রিশ বছর আগে এ পাড়ায় দুর্গাপূজার সূচনা হয়। শুরুটা ছিল একেবারে সাধারণভাবে—একচালা ডাকের সাজ দিয়ে। কিন্তু সময়ের সাথে সাথে পূজার আয়োজনের জাঁকজমক এবং সামাজিক গুরুত্ব ক্রমশ বাড়তে থাকে।
আজ নবীন প্রজন্মের উদ্যোগে চাপড়া সর্দারপাড়ার বারোয়ারি দুর্গোৎসব নতুন রূপ ও গৌরবে সজ্জিত। পরিচালন সমিতির নিষ্ঠা ও শ্রমে পূজো এখন শুধুই ধর্মীয় উৎসব নয়, বরং সামাজিক সম্প্রীতি ও মিলনের এক বিশাল ক্ষেত্র। প্রতিবছর পূজোর সময় এখানে মিলিত হয় এলাকার মানুষ, দূরদূরান্ত থেকেও আসেন ভক্তরা। পূজার আতিশয্য, প্রতিমার কারুকাজ এবং সাংস্কৃতিক অনুষ্ঠান এই অঞ্চলের ঐতিহ্যকে আরও সমৃদ্ধ করে তুলেছে।
চাপড়া সর্দারপাড়ার দুর্গোৎসব তাই আজ একাধারে অতীত ঐতিহ্যের ধারক, আবার ভবিষ্যতের আশার প্রতীক।