Balia Sporting Club
Balia, Nadia
নদীয়া জেলার ছোট্ট গ্রাম বালিয়া—শুধু একটি নাম নয়, এই অঞ্চলের মানুষের কাছে এক অটুট বিশ্বাসের জায়গা। ১৯৬৮ সালে প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে বালিয়া স্পোর্টিং ইউনিয়ন ৫৭ বছর ধরে শুধু দুর্গাপুজো নয়, নানা সামাজিক ও ক্রীড়া মূলক কর্মসূচির মাধ্যমে মানুষের পাশে থেকেছে নিরন্তর।
প্রতি বছর দুর্গাপুজোয় আমরা তুলে আনি নতুন নতুন থিম ও ভাবনা। এবছরের থিম – "অন্দরমহল, মা জানে মনের কথা"। এই থিমের মাধ্যমে আমরা মায়ের শান্ত-সহানুভূতিশীল রূপকে নতুন আঙ্গিকে তুলে ধরার চেষ্টা করেছি।
আমরা শুধু পুজোর আয়োজক নই – সমাজসেবাতেও আমাদের অংশগ্রহণ গর্বের। প্রতিবছর শীতলা পুজো, গরিবদের বস্ত্র ও কম্বল বিতরণ, এবং বিনামূল্যে চক্ষু পরীক্ষা ও চশমা দান আমাদের সামাজিক দায়বদ্ধতার অংশ। এবছর পঞ্চমীর সকালে থাকবে রক্তদান শিবির, এবং সন্ধ্যায় ভারতীয় সেনা বাহিনীর প্রতি সম্মান জ্ঞাপন—যারা দেশের জন্য নিঃস্বার্থভাবে কাজ করে চলেছেন।
আমাদের ক্লাব বিভিন্ন খেলাধুলায় অংশগ্রহণ করে বহু ট্রফি ও সম্মান অর্জন করেছে। আজকের প্রজন্মও বয়স্ক সদস্যদের দেখানো পথে হেঁটে, তাদের আদর্শকে বুকে ধারণ করে এই পুজো ও সমাজসেবার কাজকে এগিয়ে নিয়ে চলেছে।
শ্রদ্ধা, ঐতিহ্য ও সামাজিক দায়বদ্ধতার এক অনন্য উদাহরণ বালিয়া স্পোর্টিং ইউনিয়ন। আমরা কৃতজ্ঞ সকল গ্রামবাসী ও শুভাকাঙ্ক্ষীদের প্রতি, যাঁদের ভালোবাসা আর সহযোগিতা ছাড়া এই দীর্ঘ পথচলা সম্ভব হতো না।