Rajbari More Sarbojanin Puja Committee
Raniganj, Paschim Bardhaman
" থাকব না কো বদ্ধ ঘরে দেখব এবার জগৎটাকে"*
বিবরণ :- কিশোরী মেয়ের বিয়ে দিয়ে বোঝা কমানোর তাগিদে কত কুড়ি যে অকালে ঝরে গেছে।অন্ধকারের অতলে হারিয়ে গিয়ে মৃত্যু ঘটেছে কত স্বপ্নের।সেই অগণিত মৃত স্বপ্নের লাশের বোঝা টানতে টানতে মৃতপ্রায় সভ্যতার চাকা থেমে যায় মৃত স্বপ্নের লাশের পাহাড়ের সামনেই।যে কুড়িকে সবরকম সুযোগ থেকে বঞ্চিত না করে সঠিক শিক্ষা দিয়ে লালন করে প্রস্ফুটিত করতে পারলে পরিবার তথা সমাজ তথা সমগ্র দেশের ভার বহন করার ক্ষমতা রাখে তার সবচেয়ে উৎকৃষ্ট দৃষ্টান্ত কর্নেল সোফিয়া কুরেশি ও উইং কমান্ডার ব্যোমিকা সিং।কর্নেল সোফিয়া কুরেশির নিখুঁত নীলনকশা আর যুদ্ধবিমানের ককপিটে বসে উইং কমান্ডার ব্যোমিকা সিং-এর সোনালী ঈগল সদৃশ লক্ষ্যভেদের কীর্তি আজ লোকগাথা।ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনে ঝাঁসির রাণী লক্ষীবাঈ,কল্পনা দত্ত,প্রীতিলতা সহ অগণিত বীরাঙ্গনার অবদান অনস্বীকার্য।আর আজকের ভারতে শিক্ষা,স্বাস্থ্য,বিজ্ঞান,কারিগরী,তথ্যপ্রযুক্তি,পরিবহন, রাজনীতি জুড়ে নারীশক্তির জয়জয়কার। বিরাটদের সাথে পাল্লা দিয়ে মিতালি রাজ,স্মৃতি মান্ধানাদের বাইশ গজে বিক্রম অথবা সিন্ধু-সাইনাদের বিশ্বজয় গেয়ে যায় নারীশক্তির জয়গান। মহাকাশ ছুঁয়ে কল্পনার আর ফেরা হয়নি,সুনীতা ফিরেছেন এবং প্রবল পরাক্রমেই ফিরেছেন।কল্পনা চাওলার পথেই কল্পনার অধরা স্বপ্ন পূরণ করেই ফিরেছেন সুনীতা উইলিয়ামস।এভারেস্ট জয়ী ছন্দা গায়েনের প্রাণ কেড়ে নিয়েছে কাঞ্চনজঙ্ঘা।তবুও কল্পনা বা ছন্দারা থেমে থাকেনা...থামানো যায়না...দমিয়ে রাখা যায় না,তারা বেরিয়ে পড়ে অজানাকে জানার উদ্দেশ্যে। বদ্ধ ঘরের বোবা দেওয়াল তাদের কখনও বিদ্ধ করতে পারেনা,জগৎ জয়ের নেশাই তাদের পেশা।