Tapoban Abasan Durgapuja Committee
Durgapur, Paschim Bardhaman
আমাদের দুর্গাপূজা
তপোবন আবাসনের দুর্গাপূজা ১৯৯৮ সালে প্রথম শুরু হয়। পাড়ার মানুষেরা সবাই মিলে এই পূজার আয়োজন করে। এই পূজাতে পাড়ার মেয়েদের বিরাট ভূমিকা থাকে। একেবারে দোলা আনতে যাওয়া থেকে শুরু করে দশমীর দিন সিঁদুর খেলা পর্যন্ত সব কাজে মেয়রা ভীষণ সক্রিয় থাকেন। সপ্তমী অষ্টমী নবমীতে পূজার আলপনা আঁকা, ফলমূল কাটা, পুরোহিত মশায়কে পূজার উপাচার যোগান দেওয়া, সবকিছু। সবচেয়ে বড়ো কথা নবমীর দিন মা অন্নপূর্ণার ভোগ রান্নার ব্যাপারে মেয়েদের ভূমিকা উল্লেখ করার মতো। এর পাশাপাশি নানারকম সাংস্কৃতিক অনুষ্ঠান, ধুনুচি নৃত্য এরকম সবকিছুতেই মেয়েরা অংশ নেয়।
খুঁটি পুজা দিয়ে পূজার সূচনা হয়। নতুন পূজা কমিটি পূজার সমস্ত কর্মসূচীর পরিকল্পনা করেন। পূজার ক'দিন পূজামন্ডপের পরিবেশ যাতে সুরুচিসম্পন্ন ও পরিষ্কার পরিচ্ছন্ন থাকে সেদিকে সজাগ দৃষ্টি রাখেন ওঁরা। পঞ্চমীর দিন বিকেলে সাড়ম্বরে প্রতিমা আনা হয় এবং মন্ডপে প্রতিমা স্থাপন করা হয়। আর ষষ্ঠীর দিন সন্ধ্যায় মনোজ্ঞ অনুষ্ঠানের মধ্য দিয়ে পূজার উদ্বোধন হয়। সপ্তমীর সকালে সবাই মিলে দোলা আনতে যাওয়া হয়। নির্ঘন্ট মেনে প্রতিদিনের পূজা হয়। প্রতিদিন সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠান হয়, অষ্টমীর সন্ধ্যায় ধুনুচি নৃত্য জমে ওঠে। নবমীর দিন প্রত্যেক পরিবারের জন্যে মা দুর্গার ভোগ বিতরণ করা হয়। দশমীর দিন মেয়েরা মায়ের কপালে পায়ে সিঁদুর পরিয়ে পরে নিজেরা সিঁদুর খেলায় মেতে ওঠে। পড়ন্ত বিকেলে শোভাযাত্রা সহকারে মাকে সামনের পুকুরে বিসর্জন দেওয়া হয়।