Machinan Naba Uday Sangha
Machinan, Purba Medinipur
কোলাঘাট ব্লকের মাছিনান গ্রামে একসময় “গ্রাম কল্যাণ সমিতি” নামে একটি সংগঠন ছিল। তবে সেখানে মোড়লদের আধিপত্য ক্রমেই অমানবিক ও অন্যায় কর্মকাণ্ডকে প্রশ্রয় দিতে থাকে, বিশেষত দরিদ্র ও মুসলিম সম্প্রদায়ের প্রতি অবিচার বাড়তে থাকে। এ অবস্থার প্রতিবাদে কালিপদ দে, অজয় দে, লক্ষীকান্ত মালাকার, অশোক দে প্রমুখ সচেতন মানুষ প্রতিবাদে সরব হন। ধীরে ধীরে সমিতির ভেতরে বিভেদ দেখা দেয় এবং পরিস্থিতি পুলিশের হস্তক্ষেপ পর্যন্ত গড়ায়। অবশেষে শুভবোধসম্পন্ন ব্যক্তিরা সমিতি থেকে বেরিয়ে এসে গঠন করেন মাছিনান নব উদয় সংঘ। এই সংঘে ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলেই যুক্ত হয় এবং সরকারি রেজিস্ট্রেশনসহ এটি প্রতিষ্ঠিত হয় সচেতনতা, ন্যায়বোধ ও সামাজিক ঐক্যের প্রতীক হিসেবে। মাছিনান নব উদয় সংঘ গঠনের পর প্রথম উদ্যোগ ছিল শারদীয়া দুর্গাপূজা। হিন্দু-মুসলিম নির্বিশেষে সবাই সহযোগিতা করলেও মোড়লদের বাধা ছিল প্রবল। নানা আলোচনা ও বাগবিতণ্ডা পেরিয়ে অবশেষে পূজো শুরু হয়। নতুন প্যান্ডেল, আলোকসজ্জা ও মাতৃআরাধনায় মানুষ মুগ্ধ হয় এবং এলাকাবাসী আগের চেয়ে আরও বেশি সহযোগিতার হাত বাড়িয়ে দেয়। নতুন ভাবনার আলোকে মানুষের সহযোগিতা ও উচ্ছ্বাসে মোড়ল রাজত্বের বিরুদ্ধে লড়াই শুরু হয়েছিল এই দুর্গাপূজা দিয়ে। সেদিনকার সদস্যদের অক্লান্ত পরিশ্রম ও অদম্য জেদ আজও স্মরণীয়। সেই পথ চলা আজ ৪৩ বছরে পদার্পণ করেছে। পূজাকে কেন্দ্র করে প্রায় ৩০ জন দরিদ্র মানুষের হাতে বস্ত্র বিতরণ, পূজোপত্রিকা প্রকাশ, কৃতি ছাত্র-ছাত্রীদের সম্মাননা প্রদান এবং সমাজকল্যাণমূলক নানা কর্মসূচি পালন করা হয়।