Subhash City Bamyagar(SSB)
Hamiltonganj, Alipurduar
সুভাস পল্লী সর্বজনীন দুর্গোৎসব
সুভাস পল্লী সর্বজনীন দুর্গোৎসবের (৮০তম বর্ষ, ২০২৫) আয়োজক সুভাষ স্মৃতি ব্যায়ামাগার। স্বাধীনতার পর ১৯৪৭ সালে উদ্বাস্তু বাঙালিদের উদ্যোগে এই পূজার সূচনা। প্রথমদিকে বাঁশ, ত্রিপল আর শ্রমদানের মাধ্যমে পূজা হতো। পাড়ার মানুষ নিজেরা প্রতিমা বহন করতেন, পুরোহিত ও বাজনদারদের বাড়িতে খাওয়াতেন। আলো বলতে ছিল হ্যাজাক, আর সাজসজ্জা তৈরি হতো কাপড় আর বাঁশ দিয়ে। তবে আনন্দ-উল্লাসে পূর্ণ থাকতো প্রতিটি দিন—নারীরা সামলাতেন পূজার নিত্যকার দায়িত্ব, নবমীতে হতো আরতি প্রতিযোগিতা, নিরঞ্জন শেষে কাঠামো আবার ব্যবহৃত হতো।
৬০–৭০ দশকে ধীরে ধীরে পূজার জৌলুস বাড়ে। বিদ্যালয়ে, পরে ক্লাবঘরে পূজার আয়োজন হয়। ৮০’র দশক থেকে ক্লাবের নিয়ন্ত্রণে আসে পূজা, যুক্ত হয় "পরিচালনায় সুভাষ স্মৃতি ব্যায়ামাগার" নাম। এ সময় থেকেই শুরু হয় বড় বাজেটের পূজা, সাজসজ্জা ও আলোয় জমকালো প্যান্ডেল, ঢাক ও গান-বাজনার আসর। ৪ দিন ধরে নাচ, কুইজ, আঁকাআঁকি প্রতিযোগিতা আর নবমীর বিশেষ ভোজন আয়োজন পূজাকে আরও প্রাণবন্ত করে তোলে।
১৯৯৩ সালের পর থেকে বাসরা নদীতে প্রতিমা নিরঞ্জন করা হয়, যেখানে এখনো সম্প্রীতির প্রতীক হয়ে শোভাযাত্রা বের হয়। আজকের দিনে এই পূজার বাজেট ৫ লক্ষ টাকা ছাড়ালেও, মূল সত্তা রয়ে গেছে একতা , সংস্কৃতি আর মিলনের উৎসবের মধ্যে। সুভাস পল্লীর দুর্গোৎসব আজও বাঙালির চিরন্তন প্রাণের আনন্দের প্রতীক।