YUVA GOSTHI LAXMANPUR DURGA PUJA COMITEE
LAXMANPUR,PURULIA, Purulia
লক্ষণপুর যুবগোষ্ঠীর পরিচালিত দুর্গাপূজা কোনও প্রতিযোগিতামূলক প্রচেষ্টা নয়। বরং, আমাদের লক্ষ্য নিজস্ব সীমাবদ্ধতা ছাড়িয়ে প্রত্যেক বছর একটু করে এগিয়ে যাওয়া। আমাদের পুজো না সাবেকি, না থিম-ভিত্তিক—এই দুইয়ের মাঝখানে দাঁড়িয়ে এক আলাদা স্বাদ নিয়ে হাজির হয় প্রতি বছর।
দুর্গোৎসবের সূচনা হয় রক্তদান ও বস্ত্রদান শিবিরের মাধ্যমে। পূজোর এক মাস আগে থেকেই এই সামাজিক উদ্যোগে আমরা যুক্ত থাকি। সঙ্গে চলে গ্রামের যাত্রাপালার প্রস্তুতি, rehearsals। দেবীপক্ষ শুরু হয় মহালয়ার দিনে সাংস্কৃতিক প্রতিযোগিতা দিয়ে—সংগীত, আবৃত্তি, অঙ্কন ও কুইজে মেতে ওঠে ছোট থেকে বড় সবাই।
শুভ পঞ্চমীতে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকের কৃতি ছাত্রছাত্রীদের হাতে তুলে দেওয়া হয় সম্মাননা—একটি ছোট উপহার, সঙ্গে মানুষ হয়ে ওঠার আশীর্বাদ। পূজোর চারদিন ধরে চলে লোকসংস্কৃতি ও আধুনিক সৃজনশীলতার অপূর্ব মেলবন্ধন—যাত্রা, ছৌ, পাতা নাচ, বাউল গান ও অর্কেস্ট্রায় মুখরিত হয়ে ওঠে গোটা গ্রাম।
এই পুজো আমাদের কাছে আত্মার মিলন, সামাজিক বন্ধন, আর সংস্কৃতির উদযাপন। আর বিদায়ক্ষণে শুধু এই প্রতিজ্ঞা—
“আসছে বছর আবার হবে, এর চেয়েও ভালো হবে।”