ULUBERIA METRO CLUB SARBOJONIN DURGA PUJA
ULUBERIA, HOWRAH
উলুবেড়িয়া মেট্রো ক্লাবের পরিচালনায় সার্বজনীন দুর্গোৎসব এবছর ১১তম বর্ষে পদার্পণ করল। এই দুর্গোৎসবের অন্যতম বিশেষত্ব হল—প্রথম বর্ষ থেকেই আমরা কোনো রকম চাঁদা নিই না। ক্লাবের অসংখ্য শুভানুধ্যায়ীর আন্তরিক সহযোগিতা এবং স্থায়ী সদস্যদের হৃদয়স্পর্শী প্রচেষ্টায় এই পূজা সফলভাবে আয়োজিত হয়। আমাদের কাছে এটি শুধুমাত্র মাতৃ আরাধনার উৎসব নয়, বরং একটি সামাজিক দায়বদ্ধতার ব্রত।
প্রতি বছর মাতৃ আরাধনার পাশাপাশি আমরা অসংখ্য দরিদ্র মানুষের হাতে অন্ন, বস্ত্র এবং সামর্থ্য অনুযায়ী অর্থ সহায়তা পৌঁছে দিয়ে পাশে দাঁড়ানোর চেষ্টা করি। বৃদ্ধাশ্রমের দেব-দেবীর মতো পিতামাতাদের সঙ্গে উৎসব উদযাপনের সংকল্পও নিয়েছি। পূজার দিনগুলোতে বিভিন্ন সামাজিক সচেতনতামূলক ও সাংস্কৃতিক অনুষ্ঠান করে আমরা মূল্যবোধ, সামাজিকতা ও সংস্কৃতির বোধ জাগানোর ক্ষুদ্র চেষ্টা করি।
এইবারের পূজা মন্ডপের মাধ্যমে আমাদের বার্তা—পৃথিবীর শুভ অর্ধেক নারী, অর্ধেক পুরুষ; যুগ যুগ ধরে তারা পরস্পরের পরিপূরক হয়ে বিশ্বব্রহ্মাণ্ডের অস্তিত্ব অক্ষুণ্ণ রেখেছে। তবে আজকের অশুভ শক্তির বিরুদ্ধে মহামায়ার রুদ্র রূপই একমাত্র মুক্তির পথ। নারী নির্যাতন ও সামাজিক অবক্ষয়ের অন্ধকারে মাতৃশক্তির রুদ্র মূর্তির জাগরণই আলোর পথ দেখাবে। এই বিশ্বাস নিয়ে এবছরের ভাবনা—“রুদ্রাণী”