Nacha Samonta para Durga puja
Durgapur, Paschim Bardhaman
নাচন গ্রাম সামন্ত বাড়ির দুর্গাপুজো আমাদের পূর্বপুরুষদের হাত ধরে শুরু হয়েছিল প্রায় দুই শতাব্দীরও বেশি আগে। আজও সেই ঐতিহ্য ও পরম্পরা অটুটভাবে বজায় রয়েছে। আমাদের এই পূজোর অন্যতম বৈশিষ্ট্য হলো—এখানে কোনো জীবজন্তু বলি দেওয়া হয় না। পূজোর প্রতিমা আমাদের নিজস্ব বংশধরেরাই প্রজন্মের পর প্রজন্ম ধরে গড়ে তোলেন। তাই প্রতিমার সঙ্গে আমাদের আবেগ, বিশ্বাস ও ভক্তি যেন একসূত্রে বাঁধা।
একই আঙিনায় মা দুর্গার জন্য নির্মিত হয়েছে দুটি পাশাপাশি মন্দির। বহু বছর আগে ঘোষ ও সামন্ত পরিবার মিলিতভাবে একসঙ্গে এই পূজা আয়োজন করতেন। তবে পরবর্তী সময়ে পারিবারিক মতপার্থক্যের কারণে পূজা বিভক্ত হয় এবং পৃথক মন্দির গড়ে তোলা হয়। আমাদের সামন্ত বাড়ির মায়ের জন্য একটি বিশেষ মন্দির নির্মাণ করা হয়েছে, যেখানে মা দুর্গা সারা বছর অধিষ্ঠিত থাকেন।
এই পূজো শুধু একটি ধর্মীয় অনুষ্ঠান নয়, বরং আমাদের পারিবারিক ঐতিহ্য ও গর্বের প্রতীক। প্রতি বছর আশ্বিন মাসে যখন পূজোর আয়োজন হয়, তখন আশপাশের গ্রাম থেকে হাজারো মানুষ আসেন দেবী দর্শনে। ভক্তদের ভিড়, আচার-অনুষ্ঠান, ভক্তিগীত ও সামাজিক মিলনমেলা—সব মিলিয়ে নাচন গ্রাম সামন্ত বাড়ির দুর্গাপুজো আজও এক অমূল্য ঐতিহ্যের ধারক ও বাহক।