BHALUKA SARBOJONIN DURGA PUJA
SANTURI,PURULIA, Purulia
বাঁকুড়া জেলার পশ্চিম প্রান্তে ছোট্ট গ্রাম ভালুকা। পুজোর সময় চারিপাশের গ্রাম শহর যখন মেতে থাকতো আনন্দ উৎসবে। প্রতিটি বাড়ি সেজে উঠতো আলোয়। ভালুকা গ্রামে তখন শুধুই নীরবতা! দূর থেকে ভেসে আসতো ঢাকের শব্দ। ভালুকা গ্রামে দুর্গাপূজা ছিল না। সেইজন্য গ্রামের প্রতিটা মানুষের হৃদয়ে ছিল যন্ত্রণা। আর এই যন্ত্রণা, অব্যক্ত ব্যাথার কথা অনুভব করে ভালুকা বীণাপাণি যুব সংঘের যুবকরা। ২০২১ সালে গ্রামের মহিলাসহ সমস্ত মানুষকে তারা একত্রিত করে সিদ্ধান্ত গ্রহণ করে দুর্গাপূজা করার। গ্রামের প্রতিটা মানুষের, বিশেষ করে মহিলাদের আনন্দে আত্মহারা হয়ে দু'চোখ চকচক করে ওঠে। স্বতঃপ্রণোদিত হয়ে সকলেই নিজ নিজ দায়িত্বভার গ্রহণ করে এবং দুর্গাপূজা শুরু হয়। ছোট বাজেটের পূজা হলেও সকলের আন্তরিকতার কোনও অভাব নেই। ক্লাবের ছেলেরা অক্লান্ত পরিশ্রম করে সাজিয়ে তোলে পূজামন্ডপ। নবীন এবং স্বল্প বাজেটের পূজা হলেও তিলুড়ী তথা শালতোড়া অঞ্চলের মানুষের হৃদয়ে স্থান করে নিতে পেরেছে আমাদের পুজো। অন্যান্য বারের মতো এবারও থিমের মন্ডপ। "হারিয়ে কোথায় গেল সেইদিন"- এই থিমকে সামনে রেখে এবারের মন্ডপ সাদামাটা খড়ের চালার মাটির ঘর। গ্রাম বাংলার যে সমস্ত জিনিসগুলো আধুনিকতার ছোঁয়ায় আমাদের জীবন থেকে হারিয়ে যাচ্ছে, তা দিয়ে সাজানো হবে মন্ডপ এবং মন্ডপ সংলগ্ন প্রাঙ্গণ। মায়ের মূর্তিও গ্রাম্যবধূর মতোই, যেখানে আমরা সত্যিকারের মা কে খুঁজে পাবো।