BALAKA SANGHA
KAALINAGAR, North 24 Paraganas
বলাকা সংঘ
দিকে দিকে শরৎ আকাশে সাদা মেঘের ভেলা, বাতাসে শিউলি ফুলের গন্ধ, আর পথের ধারে কাশফুলের দোল — প্রকৃতি জানান দেয় মায়ের আগমনী বার্তা। এই মনোমুগ্ধকর পরিবেশে, বেতনী নদীর তীরে সবুজ শস্যঘেরা দ্বীপে কালিনগর বলাকা সংঘ আয়োজন করে শারদীয় দুর্গোৎসব। ১৯৬৫ সালে শুরু হওয়া এই আরাধনা আজ ৬০তম বর্ষে পদার্পণ করেছে।
আমাদের বিশ্বাস—পিতৃপক্ষের অবসানে মাতৃপক্ষের সূচনায় জাগ্রত হয় দেবীভাব। প্রত্যেক মানুষের মধ্যেই থাকা আসুরিক শক্তিকে দমন করে মানবিক গুণ জাগ্রত করাই এই পূজার মূল উদ্দেশ্য। তাই শুধুই আচার-অনুষ্ঠানে সীমাবদ্ধ না থেকে আমরা সামাজিক সচেতনতামূলক কর্মকাণ্ডেও অংশগ্রহণ করি—যেমন সেফ ড্রাইভ, বাল্যবিবাহ রোধ, ডেঙ্গু প্রতিরোধ ও বৃক্ষরোপণ।
শারদীয়ার পাঁচটি দিন—ষষ্ঠী থেকে দশমী—আমরা মায়ের বন্দনায় আত্মনিবেদিত থাকি। আমাদের পূজামণ্ডপ পরিণত হয় সর্বধর্মের মানুষের মিলনস্থলে। দশমীর দিন মহিলাদের সিঁদুর খেলা ও প্রতিমা বরণ শেষে, বেতনী নদীতে প্রতিমা নিরঞ্জনের মাধ্যমে সমাপ্ত হয় এই আধ্যাত্মিক যাত্রা। আমাদের এই পূজা কেবল ধর্মীয় আয়োজন নয়, বরং এক মানবিক মিলনের প্রতীক।