BANI SANGHA DURGA PUJA COMMITTEE
TUFANGANJ, Coochbehar
বাণী সংঘ
এবারের দুর্গোৎসবে তুফানগঞ্জ লম্বাপাড়া বাণী সংঘ তাদের প্ল্যাটিনাম জয়ন্তী উপলক্ষে হাজির করছে এক ভিন্ন আবহ। ব্যস্ত শহরের রাস্তায় মণ্ডপে পা রাখলেই দর্শনার্থীরা পৌঁছে যাবেন এক টুকরো গ্রামবাংলার আঙিনায়। কানে ভেসে আসবে ঢেঁকির তাল, নাকে ম ম করে ছড়াবে নতুন চালের ঘ্রাণ। চোখের সামনে সাজানো থাকবে ধানের গোলা, ধামা, কুলো, বাঁশ, কাশিয়া আর মাটির তৈরি বাসনপত্র—যা মনে করিয়ে দেবে কৃষিজীবী পরিবারের সহজ-সরল জীবনযাপন।
ক্লাব কর্তাদের কথায়, গত দুই-তিন বছর ধরে মণ্ডপ সজ্জায় নতুনত্ব আনার চেষ্টা হয়েছে, তবে এবারের পরিকল্পনা একটু আলাদা। শহরের কোলাহলের ভেতর গ্রামীণ ঐতিহ্যের স্বাদ পৌঁছে দেওয়াই তাদের মূল উদ্দেশ্য। তাই এবারের থিম— ‘মাটির গন্ধে মাতব আনন্দে।’
মাটির উষ্ণতা, শস্যের সমৃদ্ধি আর প্রকৃতির সান্নিধ্য—সব মিলিয়ে তৈরি হবে এমন এক পরিবেশ, যা দর্শকদের হৃদয়ে ছুঁয়ে যাবে নস্টালজিয়ার সুর। পুজোর আবহে একদিকে যেমন থাকবে আনন্দোৎসব, অন্যদিকে তেমনি জেগে উঠবে শেকড়ের টান। লম্বাপাড়া বাণী সংঘ বিশ্বাস করে, এই থিম শুধু সাজসজ্জার মধ্যেই সীমাবদ্ধ থাকবে না, বরং প্রত্যেক দর্শনার্থীর মনে জাগিয়ে তুলবে মাটির প্রতি ভালোবাসা আর বাংলার গ্রামীণ সংস্কৃতির প্রতি গর্ববোধ।
এভাবেই প্ল্যাটিনাম জয়ন্তীতে বাণী সংঘ প্রতিশ্রুতি দিচ্ছে শহরের বুকেই গ্রামবাংলার এক অপূর্ব ছোঁয়া।